‘গ্লোবাল প্লাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-২০১৭’ শীর্ষক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে দুর্যোগ প্রশমনে বাংলাদেশের সার্বিক উদ্যোগ এবং ২০১৫ সালের ঢাকা ডিক্লারেশনসহ বিভিন্ন কর্মকাণ্ড সর্বস্তরে প্রশংসিত হয়েছে। জাপান, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন, থাইল্যান্ড, মেক্সিকো, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের মন্ত্রীরা বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করেন।
বাংলাদেশের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সন্মেলনে বক্তব্য রাখেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামালসহ বাংলাদেশের প্রতিনিধিরা মেক্সিকোতে অনুষ্ঠিত এ সন্মেলনের সকল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং বিশ্ববাসীর ভবিষ্যত্ করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে মন্ত্রী পর্যায়ের বৈঠকে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সেন্দাই ফ্রেমওয়ার্ক নিয়ে প্রণীত বাংলাদেশের ‘ন্যাশনাল প্লান ২০১৬-২০২০’ নিয়ে আলোচনা করেন বিশ্বনেতারা।
ইত্তেফাক/আনিসুর
