একসাথে থাকতে হলে বিয়ে করতে হবে

আপডেট : ২৮ মে ২০১৭, ১১:২৬
মধ্য আফ্রিকান রাষ্ট্র বুরুন্ডিতে যেসব যুগল বিয়ে না করেই একসাথে বসবাস করছেন - তাদেরকে এ বছর শেষ হবার আগেই বিয়ে করার আদেশ দিয়েছে সরকার। যারা এ নির্দেশ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার।
 
দেশটির প্রেসিডেন্ট পিয়ের এনকুরুনজিজা সম্প্রতি 'সমাজের নৈতিকতা প্রতিষ্ঠার' যে অভিযান শুরু করেছেন তার আওতাতেই এ পদক্ষেপ। তিনি বলেন, স্কুলে পড়া মেয়েদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা খুব বেশি বেড়ে গেছে। অনেক পুরুষ বর্তমান অবস্থার সুযোগ নিচ্ছে - তারা একই সাথে একাধিক মেয়ের সঙ্গে থাকছে।
 
সরকারের একজন মুখপাত্র বলেছেন, জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য অনানুষ্ঠানিক সম্পর্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া দরকারি হয়ে পড়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন গির্জা এবং রাষ্ট্র-অনুমোদিত বিয়েই জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর উপায় এবং এটি দেশপ্রেমিকদের একটি কর্তব্যও বটে। তবে এ আইন যারা ভঙ্গ করবে তাদের কি শাস্তি হবে তা স্পষ্ট নয়। বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ