লক্ষ্মীপুরে বজ্রপাতে জেলের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:৪৮
লক্ষ্মীপুরে বজ্রপাতে শামছুল হক নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জেলে আহত হয়েছে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
 
রবিবার সকাল ১০টার দিকে মৃতের মরদেহ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার মধ্যরাতে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের চর মেঘা এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।  
 
বজ্রপাতে আহত জেলেরা জানান, তারা এক নৌকাতে ৫ জন মাছ শিকারে যান। হঠাৎ হালকা বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে তারা সবাই আহত হন। পরে আহত অবস্থায় খোরশেদ আলম তার মোবাইল ফোন থেকে পার্শ্ববর্তী নৌকার এক জেলের কাছে খবর দেয়। তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার রাতেই শামছুল হককে মৃত ঘোষণা করেন। 
 
মৃত শামছুল হক সদর উপজেলার চর রুহিতা গ্রামের সুলতান আহমদের ছেলে। আহতরা হলেন- খোরশেদ আলম, আব্দুর রশিদ, মো. রাব্বী ও সিরাজ।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে, অপর আহত ৪ জেলে হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের পর্যবেক্ষণসহ চিকিৎসা চলছে।  
 
ইত্তেফাক/এমআই