ভাস্কর্য সরিয়ে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেফতার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে জামিন দিয়েছে আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী এ আদেশ দেন।
জামিন পাওয়া অন্যরা হলেন— ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, ছাত্র ইউনিয়ন কর্মী আল আমিন হোসেন জয় ও উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর।
পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় শনিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাদের কারাগারে পাঠান।
গত শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। পুলিশ কাঁদানে গ্যাস ও রঙিন পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে গ্রেফতার করে।
ইত্তেফাক/এএম।
