খুলনায় কপোতাক্ষের পানিতে তিন গ্রাম প্লাবিত

আপডেট : ২৮ মে ২০১৭, ১৭:৫৫
 
খুলনার কয়রা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৪/১ নম্বর পোল্ডারের হরিণখোলা এলাকায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে অন্তত তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
 
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে জোয়ারের চাপে প্রথমে দুর্বল বাঁধের প্রায় ৫০মিটার ধসে নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে ভাঙনের পরিধি বেড়েছে। গভীর রাতে বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামবাসীর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তারা। অনেকেরই ঘরের আসবাবপত্র, ধান, চাল পানিতে ভেসে গেছে।
 
রবিবার সকাল থেকেই ভাঙন সংস্কারের জন্য গ্রামবাসী নিজ উদ্যোগে কাজ করছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফার ঢালী জানান, বাঁধটি রাতের জোয়ারের আগে বাঁধা সম্ভব না হলে উপজেলা সদরসহ আরও কয়েকটি গ্রাম প্লাবিত হবে। কয়রা সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, ভেঙে যাওয়া বাঁধের ওই অংশ আগে থেকেই দুর্বল ছিল। যে কারণে নদীতে জোয়ারের পানির চাপ বাড়ার সাথেই তা ভেঙে গেছে।
 
এ মুহূর্তে ইউনিয়নের হরিণখোলা, গোবরা ও ঘাটাখালি গ্রামের প্রায় ৪৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া চিংড়ি ঘের পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় এক কোটি টাকার চিংড়ির ক্ষতি হবে।
 
পাউবোর সেকশন কর্মকর্তা (এসও) খায়রুল ইসলাম বলেন, এর আগেও ওই এলাকায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছে। তা এখনও অনুমোদন হয়ে আসেনি। বরাদ্দ না থাকায় তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। এ মুহূর্তে গ্রামবাসী বাঁধ আটকাতে কাজ করছে।
 
ইত্তেফাক/জামান