উপাচার্যের বাসভবন ভাঙচুরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ৪২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
এর আগে দুপুরে বিক্ষোভের ঘটনায় আটক ৪২ শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় এসব শিক্ষার্থীদের গ্রেফতার দেখানো হয়েছে। এসব শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছাত্রী ছিলেন।
গত শুক্রবার সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিসহ বেশ কয়েকটি দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে পুলিশ। এতে সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে সেখান থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।
ইত্তেফাক/এএম।
