গোসল করতে গিয়ে কালীগঞ্জে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২৮ মে ২০১৭, ১৮:২৫
 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
 
মৃতরা হলেন- ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান টট্টু (৩৮) ও তার ছেলে নীরব হোসেন (৭)। প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকার নেভি হাজির বাড়ীর পার্শ্বে একটি পুকুরে ছেলে নীরব গোসল করতে নামে। পুকুর পাড়ে থাকা বাবা দবিয়ার রহমান দেখতে পান পুকুরের মাঝখানে পানিতে ডুবে যাচ্ছে ছেলে নীরব।
 
এ সময় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গেলে দু'জনেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা পিতা ও ছেলেকে পুকুর থেকে  তুলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। কালীগঞ্জ কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/জামান