অভিনেতা আবদুন নূর সজল। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রে উপস্থিতি রয়েছে তার। তবে ঈদকে কেন্দ্র করে নাটকের ব্যস্ততা চলছে এখন। এ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
ভালো আছি। তবে কাজের চাপটা একটু বেড়েছে। কারণ নিয়মিত কাজগুলোর সাথে এখন ঈদের কাজগুলোও করতে হচ্ছে।
এর আগে সাক্ষাৎকারে বলেছিলেন নাটকের কাজ কমিয়ে দিয়েছেন, সেই প্রভাব কি ঈদেও থাকবে?
হ্যাঁ, এবার ঈদেও যে খুব বেশি কাজ করছি তা কিন্তু নয়। আমি মূলত এখন চরিত্র নির্ভর নাটকে কাজ করছি। গল্প সাধারণ হলেও এরমধ্যে একটু ভালো চরিত্র থাকে। এমন চরিত্রগুলোই এখন বেশি করছি।
প্রতি ঈদের রেকর্ডসংখ্যক নাটক প্রচার হয়। এতসংখ্যক নাটক দর্শক গ্রহণযোগ্যতা কতটুকু পাচ্ছে মনে করেন?
দেখুন, নাটক দর্শক দেখছে বলেই নির্মাণ হচ্ছে। আমাদের দর্শক এখন ভাগ হয়ে গেছে। যার মূল কারণ চ্যানেল বৃদ্ধি। এতগুলো চ্যানেলের জন্য অনেক নাটক প্রয়োজন। আর একটি বিষয় বর্তমান নাটকের দর্শক টিভি থেকে ইউটিউবের দিকে ঝুঁকছেন। সেখানে কিন্তু তারা ঠিকই নাটক দেখছেন। তাই আমি বলবো গ্রহণযোগ্যতার জায়গা ঠিক আছে।
‘হারজিৎ’ ছবির খোঁজ নেই অনেকদিন। এ প্রসঙ্গে কী বলবেন?
এটা পরিচালক ভালো বলতে পারবেন। আমাদের আর খুব বেশি কাজ বাকি নেই। বাকি শুটিং শুরু হবে হয়তো শিগগিরই।
ইত্তেফাক/আনিসুর
