ফুলবাড়িতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

আপডেট : ২৯ মে ২০১৭, ১৪:৩৬
দিনাজপুরের ফুলবাড়িতে সোমবার বেলা ১২টায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহিয়া মনোয়ারা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত মাহিয়া মনোয়ার উপজেলার বেতদীঘি গ্রামের মো. আলমের কন্যা। 
 
ফুলবাড়ি-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ি পৌর এলাকার বটতলী নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাকের চালককে আটকের জন্য সড়কে ব্যারিকেড সৃষ্টি করলে চালক ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যান।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, মায়ের পিছে পিছে সড়ক পারাপারের সময় ফুলবাড়ি থেকে দিনাজপুরগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৮-০৩২৬) মাহিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
নিহত শিশুর জেঠা ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস বলেন, মায়ের সাথে গত সাতদিন আগে মাহিয়া নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফিরে নিজ বাড়িতে যাওয়ার সময় বটতলী এলাকায় টেম্পোতে ওঠার জন্য সড়ক পারাপার হওয়ার সময় ওই দুর্ঘটনাটি ঘটে। 
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবীব বলেন, ট্রাকটি থানায় আটক করা হয়েছে। ট্রাকের চালককে আটকের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/এমআই