গোয়াল ঘরে শিয়ালের কামড়ে মারাত্মক আহত শতবর্ষী বৃদ্ধা মাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বৃদ্ধা মায়ের চিকিৎসা ও ভরণপোষণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট দায়িত্ব নিয়েছেন। এরই মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটি বয়স্ক ভাতার কার্ড প্রদান করেছেন।
স্থানীয় সংষদ সদস্য ইউএনওসহ বিভিন্ন পর্যায় থেকে ১৫ হাজার টাকার মত নগদ অর্থ সহায়তা করা হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামে সন্তানদের নিষ্ঠুরতায় গোয়াল ঘরে বৃদ্ধা মাকে ফেলে রাখায় ৩/৪ টি শিয়াল তাকে কামড়িয়ে ক্ষত বিক্ষত করে। দৈনিক ইত্তোফকসহ সহযোগী দৈনিকে বিষয়টি প্রকাশ পেলে সোমবার সকালে অসহায় বৃদ্ধা মা মরিয়মের কাছে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার, সমাজ কল্যাণের উপ পরিচালক আমিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসারের সহায়তায় শিয়ালের কামড়ে আহত বৃদ্ধা মাকে প্রথমে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট, তিনি অসহায় বৃদ্ধা নারীর আজীবনের চিকিৎসা ও ভরন-পোষণের দায়িত্ব নেন।
অপরদিকে, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি শিয়ালের কামড়ে আহত বৃদ্ধা মহিলার আজীবনের দায়িত্ব নেয়ার জন্য মুক্তাগাছার এমপি সালাউদ্দিন মুক্তিকে ঘটনাস্থলে পাঠান। সালাউদ্দিন মুক্তি জানান, আমাদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপি শিয়ালের কামড়ে আহত অসহায় বৃদ্ধা মায়ের আজীবনের দায়িত্ব নেয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। স্থানীয় এমপি বৃদ্ধা মহিলার আজীবনের দায়িত্ব নিয়ে গেছেন। তারপরও এ বৃদ্ধা মহিলার প্রতি সহায়তার কোন কমতি থাকবে না।
স্থানীয় চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদার জানান, গতকালও বৃদ্ধা মহিলা স্পষ্ট কথা বলেছে। আজকে একটু বেশি অসুস্থতাবোধ করছে। রবিবার শিয়ালের কামড়ের ভ্যাকসিন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামের শতবর্ষী বিধবা মহিলা মরিয়মকে তার পুত্ররা গোয়াল ঘরে রাখায় গত বুধবার রাতে শিয়ালের কামড়ে তিনি যখম হন।
ইত্তেফাক/এমআই
