আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে নিয়ে দেশের জনগণ আতঙ্কে রয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি আবার সরকারের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আর তাঁদের যুদ্ধ হলো সরকার পতনের আন্দোলনের নামে দেশের নিরীহ মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মারা।’
ড. হাছান আরো বলেন, ‘বিএনপির এ ধরনের হুমকিতে সরকার নয়, দেশের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে।’
আজ সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আওয়ামী হকার্স লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। আওয়ামী হকার্স লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘হকার্স পুনবার্সন চাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নিয়ে সরকারের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ বিএনপি তার ভুল রাজনীতির জন্য নিজের করা গর্তে নিজেই পড়ে গেছে।
ইত্তেফাক/এএম।
