বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় 'মোরা'। এ কারণে গভীর সমুদ্রে চট্টগ্রাম ও কক্সবাজার নৌবন্দরে ৭ নম্বর ও মোংলা ও পায়রা বন্দনে ৫ নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় পাথরঘাটা উপকুলীয় এলাকায় সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে।
এদিকে গভীর সমুদ্রে শতশত মাছ ধরা ট্রলার থাকায় স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হঠাৎ আবহাওয়া প্রতিকুলে যাওয়া এবং গভীর সমুদ্রে নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মোরা রুপ নেয়ায় সাগরে থাকা জেলে ও ট্রলার নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে উপকূলীয় ট্রলার মালিকরা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘হঠাৎ আবহাওয়া খারাপ এবং গভীর সমুদ্র উত্তাল হওয়ায় সাগরে থাকা জেলেদের আগাম খবর দিতে পারিনি। ফলে ট্রলারগুলো নিরাপদে আসতে পারেনি। এ কারণে সাগরে থাকা অন্তত ৪ শতাধিক ট্রলার ও জেলেদের নিয়ে শঙ্কিত আছি আমরা।’
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি বলেন, গত ৩ থেকে ৪ দিনের মধ্যে অন্তত ৪ শতাধিক ট্রলার সাগরে মাছ ধরতে গেছে। আবহাওয়া হঠাৎ খারাপ হওয়ায় এখন পর্যন্ত আগাম কোন ম্যাসেজ দিতে পারিনি।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. কামরুল হুদা বলেন, বিকেল ৪টায় জরুরি সভা ডাকা হয়েছে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আমরা সতর্ক আছি।
ইত্তেফাক/ইউবি
