গাইবান্ধায় ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামুন মিয়া (২৩) ও শাহীন মিয়া (২৪) নামে দুই যুবককে সোমবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মামুন মিয়া সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দক্ষিণ কোমরপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ও শাহীন মিয়া একই এলাকার নুর হোসেনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান জানান, মামুনের ওই ইউনিয়নের তুলসীঘাট বাজারে একটি ফটো স্টুডিও রয়েছে। ওই স্টুডিওতে ছবি তোলার সূত্রে মামুনের পূর্ব পরিচিত ছিল এই কিশোরী। সেই সূত্র ধরে গত ২৫মে বিকেলে জোসনা বেগম নামে মামুনের এক সহযোগী সুকৌশলে ওই কিশোরীকে তার (জোসনার) বাড়িতে নিয়ে যায়। এসময় মামুন ওই বাড়িতে গিয়ে শাহীনের সহযোগিতায় জোর করে মেয়েটিকে ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মার কাছে ঘটনাটি খুলে বলে। কিন্তু মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে অপরাধীদের পরিবারের সাথে একটি আপোষ রফায় সম্মত হয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন তারা। কিন্তু পরবর্তীতে ঘটনাটি প্রকাশ হয়ে পড়লে তারা সদর থানায় অভিযোগ করেন। তিনি আরো জানান, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। জোসনা বেগম নামে মামুনের এক সহযোগীকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ইত্তেফাক/সাব্বির
