ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানানে ভুল করায় ক্ষমা চেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। গত ২৭ মে ব্যানার নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডির ৩২ নম্বরে যায় চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। ওই সময় বহনকারী ব্যানারে বঙ্গবন্ধুর নাম লেখা হয়েছিলো ‘শেখ মুজিবর রহমান’। বিষয়টি নিয়ে এরপর ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সভাপতি মিশা সওদাগর। সমিতির পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন।
মিশা লিখেছেন, ‘আমি ও আমার পরিষদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানানটির প্রিন্টিং মিস্টেক আমাদের ব্যানারে হওয়াতে, অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। আমি ও আমার পরিষদ এর মূল উদ্দেশ্য ও দায়িত্ব ছিল উনার প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো, যেটা এই প্রথম বারের মত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি করেছে। ধন্যবাদ।’
ওই স্ট্যাটাসে এক ব্যক্তি ভুল বানান নিয়ে কেন বের হলেন জানতে চাইলে মিশা উত্তর দেন, যাতে আপনি ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা সুন্দর না তা প্রকাশ পায় তাই, অমূলক কথা বলবেন না, শ্রদ্ধা কে সাধারণ বানান ভুল এ নিয়ে আসবেন না ।
এর আগে নবগঠিত শিল্পী সমিতির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মও. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
ইত্তেফাক/রেজা
