মাগুরায় এক নারী পাচারকারী গ্রেফতার

আপডেট : ২৯ মে ২০১৭, ২৩:২৬

মাগুরায় রাশেদ কবিরাজ (২৮) নামে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে মাগুরা শহরের ঢাকারোড় বাসস্ট্যান্ড থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার হওয়া রাশেদ চট্রগ্রামের সীতাকুন্ড এলাকার বেলায়েত হোসেনের ছেলে। সে  মোবাইল ফোনে সুন্দর জীবনের লোভ দেখিয়ে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে তাদের ভাগিয়ে নিয়ে বিদেশে পাচার করতো।

মাগুরা সদর থানার এস.আই. রবিউল জানান, প্রতারক রাশেদ মোবাইল ফোনে নিজেকে পীর, দরবেশ পরিচয় দিয়ে বিভিন্ন ধর্মীয় কথাবার্তা বলে নারীদের আকৃষ্ট করত।

নারীদের মোবাইল নম্বর সংগ্রহ করে প্রথমে নিজেকে পীর দরবেশ পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে আলাপ পরিচয় শুরু করে। পরে তাদের নানা সমস্যা ও বিপদের কথা বলে বিনামূল্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ-কবজ পাঠিয়ে তাদের কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করে। এভাবে আস্তে-আস্তে অর্থ-বিত্ত, ধন-সম্পদ ও সুখী ভবিষতের লোভ দেখিয়ে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের পরিবার থেকে ভাগিয়ে এনে দেশে-বিদেশে পাচার করে আসছে।

গত ২৪ মার্চ ২০১৭ মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আতর আলী নামে এক ব্যাক্তির স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করে। এরপর আতর আলী ফোন নাম্বার উল্লেখ করে এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি জিডি করেন। পরে পুলিশ এক নারীকে দিয়ে ওই প্রতারকের সঙ্গে প্রেমের অভিনয় করিয়ে ও বিয়ের কথা বলে মাগুরায় নিয়ে আসে। আজ সোমবার দুপুরে ওই নারীর সঙ্গে দেখা করে তাকে নিয়ে বাসে ওঠার সময় মাগুরা সদর থানা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় রাশেদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ইত্তেফাক/নূহু