দশম জাতীয় সংসদের ষোড়শ ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।
এই অধিবেশনেই আগামী ১ জুন ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২৯ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে। ৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে। এটি চলতি বছরের তৃতীয় অধিবেশন। অধিবেশন সামনে রেখে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। বেলা ১১টায় অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনটি ঠিক কতদিন চলবে এবং কোন কোন বিষয়ে আলোচনা হবে তা চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ১৬তম অধিবেশনটি হবে দীর্ঘতম। বাজেটের ওপর প্রায় ৪৫ থেকে ৬০ ঘণ্টার সাধারণ আলোচনা চলবে। তাই এ অধিবেশনটি আগামী জুলাই মাস পর্যন্ত চলতে পারে। গত বছর বাজেট অধিবেশন ৩২ কার্যদিবসের ছিল। এদিকে সংসদের আইন শাখা সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশনের প্রথমদিনই যোগ দিতে পারেন কারাবন্দী দুই সংসদ সদস্য। নিজ দল আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগে এমপি আমানুর রহমান খান (রানা) ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী জাতীয় পার্টির এমপি এম এ হান্নান আজ সংসদ অধিবেশনে একদিনের জন্য যোগ দিতে পারেন। সংসদ অধিবেশনে যোগ দিয়ে স্বাক্ষরের পর তাদের আবারও কারাগারে নেয়া হতে পারে।
এদিকে আগামী পহেলা জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ৪ লাখ কোটি টাকার ওপর হবে বলে ইতিমধ্যে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী। ইতিমধ্যে আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
এডিপিতে আগামী ২০১৭-১৮ অর্থবছরের জন্য একনেক মোট ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। এর মধ্যে মূল এডিপি হচ্ছে- ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা। মূল এডিপির সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ থাকবে ১০ হাজার ৭৫৩ কোটি ৫৮ লাখ টাকা। চলতি অর্থবছরের এডিপির আকার হচ্ছে ১ লাখ ১০ হাজার ৭শ’ কোটি টাকা।
জানা গেছে, আগামী অর্থবছরের অনুমোদিত এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৯৬ হাজার ৩৩১ কোটি ২৫ লাখ টাকা ও বৈদেশিক উত্স থেকে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। আগামী অর্থবছরের এডিপিতে পরিবহন খাতে ৪১ হাজার ৫৩ কোটি ৫০ লাখ, বিদ্যুত্ খাতে ১৮ হাজার ৮৫৮ কোটি ৮৩ লাখ টাকা, শিক্ষা ও ধর্ম খাতে ১৬ হাজার ৬৭৩ কোটি ৩১ লাখ টাকা, ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ১৪ হাজার ৯৪৯ কোটি ৭২ লাখ টাকা এবং বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১৪ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হবে।
সংসদের অন্যান্য অধিবেশন বিকালে বসলেও রোজার মাস হওয়ায় এ অধিবেশনের কার্যক্রম দিনের প্রথমভাগে শুরু হবে। বাজেট পেশের আগে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অর্থবিলের অনুমোদন দেওয়া হবে। পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ওই সময় সংসদ ভবনেই অবস্থান করবেন তিনি। এছাড়া অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য নির্ধারিত গ্যালারিতে বসে দেখবেন আবদুল হামিদ। এর আগে গত ৮ মে শেষ হয় সংসদের পঞ্চদশ অধিবেশন। সংবিধানের নিয়ম রক্ষায় বসা ওই অধিবেশনের মেয়াদ ছিল পাঁচ কার্যদিবস।
ইত্তেফাক/কেকে
