বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানি ইজেনারেশন লিমিটেড এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে গত রবিবার একটি গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী প্রতিষ্ঠান দুটি নিত্যনতুন প্রযুক্তি নিয়ে গবেষণা এবং উন্নয়নে একত্রে কাজ করবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম আহসান, চেয়ারম্যান, ইজেনারেশন গ্রূপ; এস এম আশরাফুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, ইজেনারেশন গ্রূপ; মনোয়ার হোসেন খান, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, ইজেনেরেশন লিঃ; এমরান আব্দুল্লাহ, হেড অব অপারেশন, ইজেনেরেশন লিঃ; মো. আকছাদুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার, ইজেনেরেশন লিঃ; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম রেজওয়ান খান, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. সালেকুল ইসলাম (বিভাগীয় প্রধান, সিএসই), অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদা, সহযোগী অধ্যাপক ড. খন্দকার এ মামুন, সহকারী অধ্যাপক সুমন আহমেদ।
শামীম আহসান বলেন, ‘আন্তর্জাতিক বাজারের চাহিদা কি এবং বাংলাদেশ তাদের কি সেবা দিতে পারে সেটি অনুধাবনের সময় এখনই। দেশি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পার্টনারশিপ এবং সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশীয় প্রযুক্তিপণ্য আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে ইজেনারেশন দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই অগ্রগতির ক্ষুদ্র একটি প্রয়াস এই চুক্তি। এর ফলে গবেষকরা নিত্যনতুন পরিকল্পনা এবং প্রযুক্তির উদ্ভাবনে কাজ করতে পারবে।’
আশরাফুল ইসলাম বলেন, ‘সামগ্রিক উদ্ভাবন ব্যাবস্থার উন্নয়নের অতি জরুরি একটি অংশ হল একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির সমন্বয়। উন্নয়নশীল দেশগুলোতে এই ধরণের সমন্বয়ের মাধ্যমে অগ্রগতি লক্ষণীয়। চীন এবং কলোম্বিয়ায় এই ধরণের সমন্বিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে তাদের ফার্মগুলো প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন বাজারে নিয়ে আসছে। উক্ত সমঝোতা চুক্তির মাধ্যমে ইজেনারেশনও প্রযুক্তি খাতে একই ধরণের ফলাফল প্রত্যাশা করছে।’
প্রোফেসর ড. এম রেজওয়ান খান বলেছেন, ‘যুগে যুগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধুমাত্র শিক্ষা এবং গবেষণার কৌশলগত উদ্দেশ্য থেকে সরে এসেছে। আমি বিশ্বাস করি এই চুক্তির মাধমে ইজেনারেশন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।’
ইত্তেফাক/ইউবি
