‘আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্যখাতে নিয়োগ আটকে আছে’

আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:২৫
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামী  লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘ এক বছর ধরে স্বাস্থ্য সেক্টরে শূন্য পদে ৪০ হাজার নিয়োগ আটকে আছে। জটিলতা নিরসন করে অনতিবিলম্বে তাদের নিয়োগ দেয়া হলে সারা দেশের হাসপাতালের চেহারা পাল্টে যাবে। 
 
মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সারা দেশের হাসপাতালগুলোর জন্য এখন সবচাইতে প্রধান সমস্যা হলো তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল সংকট। বর্তমানে হাসপাতালগুলোতে ৪০ হাজার কর্মচারীর পদ শূন্য। শূন্যপদ পুরণে এক বছর আগে নেয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে এখনো বাস্তবায়নের আলো দেখছে না। 
 
মোহাম্মদ নাসিম বলেন, অতিরিক্ত ৫০০ শয্যা যোগ করে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের ১৪ তলা বিশিষ্ট নতুন ভবনের সম্প্রসারণ কাজ আগামী বছরের প্রথমার্ধে শেষ হবে। এক হাজার শয্যাবিশিষ্ট এই হাসপাতাল হবে এশিয়ার বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল। 
 
মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলে হাসপাতালের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। 
 
এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. সিরাজুল ইসলাম মোল্লা এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোনায়েম হোসেনসহ মন্ত্রণালয় ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি