আইসিসির কন্টেন্ট উন্নয়নের দায়িত্বে বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান

আপডেট : ৩০ মে ২০১৭, ১৯:৫২
বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান 'বঙ্গ ডিজিটাল' আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রাতিষ্ঠানিক কন্টেন্ট উন্নয়নের জন্য মনোনীত হয়েছে।
 
আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু হয়ে আগামী ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাটির প্রযুক্তিগত প্রচারনার কন্টেন্টসমুহ উন্নয়ন করবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 
  
বাংলাদেশের শীর্ষ চাহিদা-ভিত্তিক বিনোদন প্লাটফর্ম বঙ্গ অনলাইনে ডিজিটাল কন্টেন্ট স্বত্বাধিকারী, নির্মাতা, শিল্পী-কলাকুশলী ও কপিরাইট স্বত্বাধিকারীদের কাজ পাইরেসি থেকে রক্ষার্থে বদ্ধপরিকর।সাম্প্রতিক সময়ে দেশে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির সাথে সাথে ভিডিও কন্টেন্ট এর চাহিদা ও ব্যবহার বৃদ্ধি পায় এবং ডিজিটাল পাইরেসি এ শিল্পের জন্য বড় একটি হুমকি হয়ে দাড়ায়। বাংলাদেশে অতীতে কোন কঠোর কপিরাইট আইন না থাকায় কন্টেন্ট এর বে-আইনী অনুলিপি-প্রতিলিপি প্রস্তুত ও প্রচার-প্রকাশ সহজ হয়।
 
আসন্ন ১লা জুন থেকে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর সাথে সাথে এই আয়োজনের কন্টেন্ট এর বে-আইনি অনুলিপি ইন্টারনেটে ছড়িয়ে পরার আশঙ্কা রয়েছে। বঙ্গ-এর ব্যবস্থাপনা পরিচালক আহাদ মোহাম্মাদ জানান, ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ধর্মের মত এবং যখন এরকম কোন বড় আয়োজনে বাংলাদেশ অংশগ্রহণ করে, তা দেখার জন্য এদেশের মানুষ উন্মুখ হয়ে থাকে।
 
আহাদ আরও বলেন, বাংলাদেশের ডিজিটাল অর্থনৈতিক প্রেক্ষাপট এর উন্নয়ন খুবই দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে এবং নির্মাতা, কলাকুশলী এবং কন্টেন্ট স্বত্বাধিকারীদের অধিকার রক্ষার এখনই মোক্ষম সময়। আমি আশা করি বঙ্গ এই ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
 
কপিরাইট সংরক্ষণে বঙ্গ স্বনামধন্য প্রতিষ্ঠান ও ডিজিটাল পাইরেসি রোধে কঠোর নীতিমালার কারণে ছায়াছবি নির্মাতা ও কলাকুশলীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বঙ্গ তাদের স্পোর্টস পোর্টাল,  ওয়েবসাইট গুলি সহ তাদের বিভিন্ন প্লাটফর্মে খেলার ভিডিও স্ট্রিমিং এর সুবিধা প্রদান করবে।
 
ইত্তেফাক/রেজা