'আগামী নির্বাচনে বিএনপি ভোট কেন্দ্র পাহারা দেবে'

আপডেট : ৩০ মে ২০১৭, ২০:৪৮
 
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, 'আগামী নির্বাচনে কারচুপি ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেবে। ভোটবিহীন অবৈধ এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় আসবে।'
 
তিনি বলেন, 'আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় আনতে হবে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আন্দোলন করতে হবে।'
 
মঙ্গলবার বিকেলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
এসময় তিনি বলেন, 'জিয়াউর রহমানের ষড়যন্ত্র করে হত্যা করে ষড়যন্ত্রকারী ভেবেছিল তারা এ দেশ থেকে বিএনপি'কে মুছে দিবে। সেই সব ষড়যন্ত্রকারীদের রুখে দিয়ে শহীদ জিয়ার আদর্শে গঠিত বিএনপি যে কোন সময়ের চেয়ে এ আরো শক্তিশালী।'
 
সরকার আগামী নির্বাচনে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সকল দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে বিএনপির সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
 
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী রেজা বাবুর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান দিপু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা অ্যাড. মোজাফ্ফর রহমান আলম, এসকেন্দার হোসেন, অ্যাড. আব্দুল হাই, এমএ ওয়াদুদ মুক্ত, খান মতিউর রহমান, অ্যাড. শাহাদাৎ হোসেন, হেদায়েত হোসেন লিটন, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
 
ইত্তেফাক/জামান