খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অস্ত্র মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় উপজেলা পরিষদ আইন অনুসারে তাকে এই বরখাস্তের আদেশ দেয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী মর্মে সরকার মনে করে বলে পত্রে উল্লেখ করা হয়। এ ব্যাপারে চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা জানান, তিনি সাময়িক বরখাস্তের কোন চিঠি এখনও পাননি। প্রজ্ঞাপন পেলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের দপ্তর থেকে ফোনে উপজেলা চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের আদেশের কথা জানানো হয়েছে। তবে এখনও ওই প্রজ্ঞাপনের কপি তিনি পাননি বলে জানান। উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাত ২টার দিকে আইনশৃঙ্খলাবাহিনী উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৫ রাউন্ড তাজা গুলিসহ সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ এ অস্ত্র মামলায় আদালতে তার বিরুদ্ধে চাজশিট দাখিল করে। বর্তমানে তিনি জামিনে আছেন। তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সমর্থন নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
ইত্তেফাক/এমআই
