জয়পুরহাটে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ মে ২০১৭, ১৬:৫৭
জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। এ সময় আদালত ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। 
 
 
মামলার বিবরণে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দুলালী গ্রামের নজরুল ইসলাম বিভিন্ন অপরাধে জড়িত ছিল। স্ত্রী নাজমা বেগম নজরুলের এ সব অপকর্মের জন্য প্রায়ই প্রতিবাদ করতেন। এক পর্যায়ে নজরুলের অপরাধের মাত্রা বেড়ে গেলে নাজমা সহ্য করতে না পেরে স্বামীর বিরুদ্ধে স্থানীয় ইউপি সদস্যের কাছে নালিশ করেন।
 
এই নালিশ করার অপরাধে নজরুল ইসলাম  ২০১২ সালের ৩০ অক্টোবর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নাজমাকে গলাকেটে হত্যা করে লাশ ধানখেতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত নাজমা বেগমের ভাই আজিজার রহমান বাদী হয়ে নজরুল ইসলামসহ আরো অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ৩১ অক্টোবর আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলায় দীর্ঘদিন স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার ওই রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/ইউবি