প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ ২৬ মে মুক্তি পেয়েছে। ছবির প্রচারণায় ইউরোপ ভ্রমণে আছেন এই আন্তর্জাতিক তারকা। তো ছবির প্রচারে জার্মানির বার্লিনে থাকার সময় তিনি সাক্ষাৎ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু ঝামেলা বেধেছে মোদির সঙ্গে সাক্ষাতের সময় প্রিয়াঙ্কার পোশাক নিয়ে। প্রিয়াঙ্কা চোপড়ার পরনে তখন যে পোশাক ছিল, তাতে তার পায়ের অনেকটাই দেখা যাচ্ছিল। কিন্তু এ ধরনের বা এর থেকেও খাটো পোশাকে প্রিয়াঙ্কাকে এর আগেও বহুবার দেখা গেছে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সামনে পা প্রদর্শন করায় ভারতীয় কিছু নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই বিশ্বসুন্দরীকে একবারে ধুয়ে দিচ্ছেন।
ভারতীয় সংস্কৃতিতে বড়দের সামনে পা উঠিয়ে বসা বেয়াদবি। প্রিয়াঙ্কা শুধু যে মোদির সামনে পা বের করে বসেছেন, এটিই তার একমাত্র ‘অপরাধ’ নয়। পা উঠিয়ে বসে তিনি আরও বেশি ‘বেয়াদবি’ করেছেন। এ জন্য তার ওপর খেপেছেন ভারতীয় সমর্থকেরা। প্রিয়াঙ্কা অবশ্য এই সমালোচনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। ইনস্টাগ্রামে নিজের পা আরও বেশি প্রদর্শন করে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবিতে তিনি একা নন। তাঁর মা মধু চোপড়াও আছেন খাটো পোশাকে। ছবিটির ক্যাপশন প্রিয়াঙ্কা দিয়েছেন, ‘পায়ের দিন’
এর আগে ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও সমালোচনার ঝড় তুলেছিল একটি ভারতীয় পত্রিকা। পরে এই তারকার দাঁতভাঙা জবাবে সমালোচকেরা চুপসে যান।এনডিটিভি।
ইত্তেফাক/রেজা
