রাসিকের ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট : ৩১ মে ২০১৭, ১৮:০৫
 
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০১৭-২০১৮ অর্থবছরে ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে নগরভবন সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করেন রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
 
বুলবুল বিগত ২০১৬-১৭ অর্থবছরের ২৩১ কোটি ৬৭ লাখ টাকা সংশোধিত বাজেট পেশ করেন। যা সংশ্লিষ্ট অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ৫৩ শতাংশ। তবে অর্থবছর শেষে তা ৭০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে বলে মেয়র দাবি করেন।
 
প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৩৯৫ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৫০৮ টাকার। বাজেট অনুষ্ঠানে রাসিকের এক নং প্যানেল মেয়র আনোয়ারুল আমিন আযব, তিন নং প্যানেল মেয়র নুরুন নাহার বেগম, রাসিকের সচিব ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মেয়র সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
 
ইত্তেফাক/জামান