লালন-রবীন্দ্রনাথ বাংলা গানের এক ধরণের শেকড়: মাকসুদ

আপডেট : ০১ জুন ২০১৭, ১২:৪৫
 
উত্তর আমেরিকার বিভিন্ন শহরে তথা ওটোয়া, মন্ট্রিয়ল, নিউ জার্সি, নিউ ইয়র্কে অনুষ্ঠান করে আজ দেশে ফিরলেন সংগীতশিল্পী মাকসুদুল হক। সফর লাকে তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতি শিক্ষার কোনো বিভাগ নেই। এটা খুব জরুরী। যা আছে, তা আংশিক। ইত্তেফাকের সাথে আলাপকালে এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, বাংলা গান এখন নানা ভাবে বহির্বিশ্বেও সমাদৃত হচ্ছে। বিশেষ করে প্রবাসী বাঙালিদের কাছে। বাংলাদেশের শিল্পীরা অনেক আগ থেকেই সারা বছরই সারা বিশ্বে পারফর্ম করে বেড়াচ্ছেন।
 
টরন্টোতে বোনের বাসায় অবকাশ কালে মাকসুদ আরো বলেন, লালন-রবীন্দ্রনাথ আমাদের বাংলা গানের এক ধরণের শেকড়। আমরা সেখান থেকে শাখা-প্রশাখায়, ফুলে-ফলে সমৃদ্ধ করছি। আমাদের নতুন প্রজন্ম নতুন মাত্রা যুক্ত করছে। মাকসুদ সম্ভাবনার বাংলাদেশ সম্পর্কে বলেন, বাংলাদেশ অনেক কিছুতে এগিয়ে গেছে, যাচ্ছে এবং যাবে। আমার দেশ নিয়ে আমি গর্বিত!
 
ইত্তেফাক/আনিসুর