মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০১ জুন ২০১৭, ১৪:৫০
 
বাগেরহাটের মোরলগঞ্জে বৃহস্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। মোরেলগঞ্জ -শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মাঝি বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক পরিবহনটি জব্দ ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে।
 
IMG0
  
ঢাকা থেকে শরণখোলাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক দেলোয়ার হোসেন তালুকদার (৪০) ঘটনাস্থলে নিহত ও আরোহী শহীদ হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন। ভোর সাড়ে ৪টার দিকে খাউলিয়া ইউনিয়নের পূর্ব আমতলী গ্রামের মাছ ব্যবসায়ী শহীদ ইলিশ মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে মানিকজোড় গ্রামের মৃত. মোতালেব হোসেন তালুকদারের ছেলে দেলোয়ার হোসেন তালুকদারের মোটরসাইকেলে বাগেরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে তারা এ দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত শহীদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারও অবস্থা আশঙ্কাজনক। 
 
থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, ঘাতক পরিবহনটি জব্দ করা হয়েছে। পরিবহন চালক ঘটনার পরপরই পরিবহনের চাকার হাওয়া বের করে দিয়ে ও তেল ফেলে দিয়ে পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেকে