রিমান্ড শেষে আমিন জুয়েলার্সের ২ কর্মকর্তা কারাগারে

আপডেট : ০১ জুন ২০১৭, ১৮:৩৪
আমিন জুয়েলার্সের বায়তুল মোকাররম মার্কেট শাখার গ্রেফতার দুই নির্বাহী কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। 
 
বৃহস্পতিবার পল্টন থানা পুলিশ এক দিনের রিমান্ড শেষে মনির হোসেন (২৯) ও বিমান কুমার ভদ্রকে (৩৮) ঢাকা মহানগর হাকিম রায়হান-উল-ইসলামের আদালতে হাজির করে। আদালত তাদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। 
 
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান জানান, রিমান্ডে তারা কার্ড জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ কারণে পুনরায় তাদের রিমান্ডে নেয়ার প্রয়োজন পড়েনি। তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। 
 
তিনি বলেন, আমিন জুয়েলার্সের ওই দুই কর্মকর্তা রাজশাহীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার তাহমিনা আক্তার পলির কাছে ভূয়া কার্ড দিয়েছিলেন। কাস্টমসের ওই কর্মকর্তার প্রকৃত কার্ডটি তাদের চক্রের হাতে দিয়ে দৈনিক বাংলা মোডের এটিএম বুথ থেকে ৩১ হাজার টাকা উত্তোলন করে আমিন জুয়েলার্সের একটি চক্র। পল্টন থানা পুলিশ দৈনিক বাংলা মোড়ের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের ভিডিও ফুটেজ জব্দ করেছে।
 
 
ইত্তেফাক/ইউবি