ধনিক শ্রেণির স্বার্থরক্ষার বাজেট : সিপিবি

আপডেট : ০১ জুন ২০১৭, ২০:৫৫
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গরিব মারার বাজেট হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
বৃহস্পতিবার দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে এ আখ্যা দেন।  
 
প্রস্তাবিত বাজেটকে সাম্রাজ্যবাদ, লুটেরা ও ধনিক শ্রেণির স্বার্থরক্ষার একটি গণবিরোধী দলিল হিসেবে আখ্যায়িত করে এ বাজেটকে প্রত্যাখ্যান করেছে সিপিবি।
 
 
বিবৃতিতে বলা হয়, বাজেটে সমাজতন্ত্রসহ রাষ্ট্রীয় চার মূলনীতির কোনো প্রতিফলন নেই। শুধু তাই নয়, এ বাজেট মুক্তিযুদ্ধের বিরোধী আদর্শে প্রণীত হয়েছে। বাজেট প্রস্তাবের ভিত্তি হলো পুঁজিবাদের নয়া উদারবাদী প্রতিক্রিয়াশীল দর্শন। গত বছরের মূল বাজেটের ১৭.৫% এবং সংশোধিত বাজেটের চেয়ে ২৬% শতাংশ বড় এ বাজেটের জন্য অর্থসংস্থান করতে ৩৪% শতাংশ বেশি রাজস্ব সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। ঢালাও ১৫% শতাংশ ভ্যাটসহ পরোক্ষ কর থেকে এ বর্ধিত রাজস্ব আদায়ের যে প্রস্তাব করা হয়েছে, তা সকল পণ্য ও সেবার মূল্যবৃদ্ধি ঘটিয়ে মূল্যস্ফীতির হার অসহনীয় পর্যায়ে নিয়ে যাবে। আর এ দুঃসহ ভারের সবটাই বহন করতে হবে গরিব-মধ্যবিত্তসহ সাধারণ নাগরিকদের। অথচ বিত্তবানদের ওপর ধার্য প্রত্যক্ষ কর একই পর্যায়ে রাখা হয়েছে, কর রেয়াত অব্যাহত রাখা হয়েছে, অপ্রদর্শিত কালো টাকা বৈধ করার সুযোগ রাখা হয়েছে ইত্যাদি।
 
বাজেটে এভাবে গরিব জনগণের সম্পদ মুষ্ঠিমেয় লুটেরার হাতে প্রবাহিত করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে কথার ফুলঝুরি ও মিথ্যা আশ্বাসে ভরা লোক দেখানো মনোতুষ্টির নিষ্ফল প্রয়াস চালানো হলেও এ কথা দিবালোকের মতো স্পষ্ট যে বাজেটের আসল লক্ষ্য হলো জনগণের ট্যাক্সের টাকায় দেশি-বিদেশি লুটপাটকারীদের পকেট ভারী করা।
 
ইত্তেফাক/ইউবি