নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকার হারানো নদী পথ পুনরুদ্ধারের জন্য কাজ করছে। এজন্য দেশের ৫৩টি নৌপথ খননের জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, ‘দেশে একসময় ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। কিন্তু ৭৫ পরবর্তী সরকারগুলোর নদীর প্রতি অবহেলার কারণে তা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ কিলোমিটারে। বঙ্গবন্ধু ১৯৭২ সালে সাতটি ড্রেজার সংগ্রহ করেছিলেন। কিন্তু তােঁক হত্যার পর কোনো সরকার ড্রেজার সংগ্রহ করেনি। আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে নৌপথ খননের জন্য ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের কাজ চলছে।’
শনিবার মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীর চর টেকেরহাট-শিবচর নৌপথের ড্রেজিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, নৌপথের নাব্যতা উন্নয়নে সরকার বাস্তবমুখী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম পর্যায়ে ২৪টি এবং ১২টি অর্থাত্ ৩৬টি নৌপথ খনন কার্যক্রম চলমান রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএি) ১ হাজার ১শ’ কিলোমিটার নৌপথ খনন করেছে।
ইত্তেফাক/এএম।
