জাতীয় পার্টির (জেপি) নিবার্হী সম্পাদক সাদেক সিদ্দিকী বলেছেন, যুব শক্তিকে যুব সম্পদে পরিণত করতে হবে। তাদের স্বচ্ছ সৈনিক হিসাবে গড়ে তুলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সহযোগিতার মাধ্যমে একটি আত্মনির্ভশীল যুব শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
শনিবার বেলা ১১টায় জাতীয় পার্টির (জেপি) লালমাটিয়াস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন যুব সংগঠন থেকে জাতীয় যুব সংহতিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা স্বাধীনতার স্ব-পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীদের অপচেষ্ঠা রুখে দিতে যুব সংহতিকে নির্দেশ দেন।
জাতীয় পার্টির (জেপি) যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় যুব সংহতির সভাপতি এম এ কাইয়ূম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে যুব সংহতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, বিভিন্ন দলের নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে দলকে সুসংগঠিত করে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর হাত শক্তিশালী করতে হবে। যোগদানকারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমএকেএস তরুণ রানা, নাসিমূল হাসান স্বপন এবং মো. মুশফিকুর রহমান রাজু।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালাহ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুব সংহতির কেন্দ্রীয় সদস্য শেখ রমিজুল ইসলাম সোহাগসহ যোগদানকারী নেতারা।
ইত্তেফাক/ইউবি
