ফেইসবুক স্ট্যাটাসের কারনে গ্রেপ্তার ছাত্র ইউনিয়ন নেতার মুক্তি দাবি

আপডেট : ০৪ জুন ২০১৭, ০২:১৭

রাঙামাটিতে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় ফেইসবুক স্ট্যাটাস দিয়েছিল ছাত্র ইউনিয়ন নেতা চায়না পাটোয়ারি। এ ঘটনায় চায়নার বিরুদ্ধে এক ছাত্রলীগ নেতা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে চায়নাকে গ্রেপ্তার করে পুলিশ। চায়না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছে সংগঠনটি।

শনিবার ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ছাত্র ইউনিয়ন কখনোই কারও ব্যক্তিগত ধর্ম অনুভূতির প্রতি বিদ্বেষ পোষণ করে না।

৫৭ ধারা আইনটিকে ‘ব্লাসফেমি’ আইনের মত ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে বলা হয়েছে, “ছাত্র ইউনিয়ন মনে করে, ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং এটিই মুক্তিযুদ্ধ ও বাহাত্তরের সংবিধানের মূল চেতনা। আর চায়না পাটোয়ারির ফেইসবুক স্ট্যাটাসটি কারও ব্যক্তিগত ধর্মানুভূতিতে আঘাত হানবার মতো নয়।”

চায়নাসহ ছাত্র ইউনিয়নের সক নেতাকর্মীর নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং গ্রেপ্তার সকলের মুক্তি দাবিতে রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।

উল্লেখ্য, রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘটনার পর ফেইসবুকে স্ট্যাটাস দেয় রাঙামাটি জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক চায়না পাটোয়ারি। সে স্ট্যাটাসের কারণে স্থানীয় ছাত্রলীগ কর্মী এহসান উদ্দিন ঋতু শুক্রবার ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে ৫৭ ধারায় একটি মামলা করেন।

চায়নাকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার পাঁচ ঘণ্টা পর রাত ১১টায় ঋতু ওই মামলাটি করেন জানিয়ে বিবৃতিতে বলা হয়,  “রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করতেই এ মামলা।”

ইত্তেফাক/নূহু