রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

আপডেট : ০৪ জুন ২০১৭, ০২:৫৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের ব্যাপক উন্নয়ন ও জঙ্গি দমনে অবদানের জন্য শেখ হাসিনাকে আবারো ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি স্থাপনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবারের বাজেট সত্যিকার অর্থেই উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষার বাজেট উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন এবং   বিকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি জেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে ইফতার মাহফিলে অংশ নেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় প্রবৃদ্ধির হারও বেড়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার পদ্মাসেতু নির্মাণসহ দেশে উন্নয়নে বিশাল কর্মযঞ্জ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় উত্তর বঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জের শিয়ালকোলে ৩০ একর জমির উপর প্রায় পৌনে সাতশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ। এছাড়াও সিরাজগঞ্জে যমুনা নদী শাসন, স্বাস্থ্য বিভাগের আড়াইশ’ শয্যার হাসপাতাল ভবন, আই এইচটি ভবন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার কোটি টাকার নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। বিশাল কর্মযজ্ঞের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের কাজ ২০১৯ সালের জুন মাসে শেষ হবে বলে আশা করা হচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে ব্যাংকে আমানতের উপর আবগারী শুল্ক অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষের আয় বেড়েছে, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।  বিত্তশালীরা যদি কর না দেন তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে।  মেডিক্যাল কলেজ পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, প্রকল্প পরিচালক ডা. মো. বাকির হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন প্রমুখ। অন্যদিকে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সিদ্দিকা। আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপিসহ উপজেলা চেয়ারম্যানগণ।

ইত্তেফাক/নূহু