নিজের ব্যক্তিজীবন নিয়ে অপু বিশ্বাস

আমি সব রোজাই রেখেছি, বাকিগুলোও রাখার ইচ্ছে আছে

আপডেট : ০৪ জুন ২০১৭, ১১:৪৭
 
অপু বিশ্বাস। ২০১৭ সালের আলোচিত একটি নাম। না তার চলচ্চিত্র নয়, ব্যক্তিজীবনের নানা বিতর্ক নিয়েই আলোচিত হয়েছেন। তবে সেই আলো থিতিয়ে পড়ার পর নতুন করে বামব্যাক করে সংসার বা ব্যক্তিজীবনে কেমন আছেন তিনি। অকপটে বললেন ইত্তেফাক বিনোদন প্রতিদিনকে—
 
কেমন আছেন?
 
এখন তো খুবই ভালো আছি। ভালো সময় পার করছি সব মিলিয়ে।
 
বর্তমানে কী নিয়ে ব্যস্ত সময় পার করছেন?
 
বর্তমানে পরিবারকে নিয়েই ব্যস্ত সময় পার করছি। নতুন করে তো আর অভিনয় করা হচ্ছে না। তবে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছি।
 
অভিনয়ে আগের মতো নিয়মিত হবেন কবে?
 
বেশ কয়েক মাস তো পর্দার আড়ালে ছিলাম। বলা যায়, পর্দার বাইরে থাকার কারণে আগের মতো ফিট নেই। বেশ মুটিয়ে গেছি। তবে আবার আগের মতো অভিনয়ে ফিরার প্রস্তুতি নিচ্ছি। এর জন্য তো কিছু সময় দরকার। আশা করছি সব প্রস্তুতি সেরে ঈদের পর আবার আগের মতো কাজে ফিরতে পারবো।
 
প্রায় ১ বছর পর এই ঈদে আপনার ছবি মুক্তি পাবে। ‘রাজনীতি’ ছবিটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
 
প্রায় ১ বছর পর আমার ছবি মুক্তি পাবে, এজন্য অনেক বেশি আশাবাদী। তাছাড়া আমাকে আর শাকিবকে ভক্তরা অনেকদিন ধরেই একসঙ্গে বড় পর্দায় দেখেননি, সেক্ষেত্রে একটু বেশি আশা করাই যায়। এছাড়া রাজনীতি ছবিটি ভালোলাগার মতো সিনেমা। অন্যান্য সিনেমার সাথে এই সিনেমার মিল নেই বললেই চলে। আশা করি দর্শকদের কাছে ছবিটি গ্রহণযোগ্যতা পাবে।
 
কিছুদিন আগে নায়করাজকে নিয়ে পরিচালক বদিউল কটুক্তি করলেন। এ প্রসঙ্গে বলুন—
 
আমরা সবাই শিল্পী। শিল্পী হয়ে অন্য আরেকজন শিল্পীকে অবশ্যই সম্মান করা উচিত। ইন্ডাস্ট্রিতে যদি সিনিয়রদের সম্মান দেওয়া না হয় তাহলে চলচ্চিত্র কিভাবে এগিয়ে যাবে? সব শিল্পীরই উচিত অন্য শিল্পীকে সম্মান দেওয়া। কেউই চায় না যে, নিজেকে নিয়ে কটুক্তি করা হোক। এটা যদি সবাই না চায় তাহলে আরেকজনকে কটুক্তি কেন করেন সেটা তারাই ভালো বলতে পারবেন। আর নায়করাজকে আমাদের ইন্ডাস্ট্রির একজন অভিভাবকও বলা যায়। তাকে নিয়ে কটুক্তি, ভাবাই যায় না! তিনি তার পরিশ্রমের মাধ্যমে এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন। ওনাকে নিয়ে কটুক্তি সত্যিই দুঃখজনক।
 
শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির প্রতি আপনার আস্থা কতটুকু?
 
আস্থা তো সবসময় সব কমিটির ওপরই রেখেছি। এই কমিটির ওপরও রাখছি। কিন্তু এখন দেখার বিষয় ওনারা ইন্ডাস্ট্রিকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আগের কমিটিতে যারা ছিলেন তারাও শিল্পী ছিলেন, এখন যারা কমিটিতে আছেন এরাও শিল্পী। সব শিল্পীরই ইন্ডাস্ট্রির মঙ্গলের জন্য কাজ করা উচিত। নতুন যারা কমিটিতে এসেছেন তাদের উচিত বাংলা চলচ্চিত্রের সঙ্কটগুলোকে দূর করে একটি সোনালি যুগ উপহার দেওয়া। আর এজন্য আমরা যারা শিল্পী আছি, সবাইকেই এগিয়ে আসা উচিত।
 
নিয়মিত রোজা রাখছেন?
 
হ্যাঁ, আমি সব রোজাই রেখেছি, বাকিগুলোও রাখার ইচ্ছে আছে। বিয়ের ১ বছর পর থেকেই আমি নিয়মিত রোজা রাখি। সবগুলো না রাখতে পারলেও প্রতিবছর ২০টির ওপর রোজা রাখার চেষ্টা করি।
 
আপনি নাম পরিবর্তন করে ‘অপু ইসলাম খান’ রেখেছেন। কিন্তু এখনও ফেসবুক পেজের নাম চেঞ্জ করেননি...
 
‘অপু বিশ্বাস’ নামেই আমাকে সবাই চেনে। আমি আমার প্রতিভা সবার কাছে তুলে ধরেছি অপু বিশ্বাস নামে। তাই এ নামটি আমি বাদ দিতে চাই না। ‘অপু ইসলাম খান’ নামটি আমার পারিবারিক। এটাকে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই।
 
ইত্তেফাক/আনিসুর