রাজা মোশাররফ করিম

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৩:০৫
 
অভিনেতা হিসেবে মোশাররফ করিম পুরাদস্তুর সফল এবং জনপ্রিয়- দাবি ভক্ত-সাধারণের। বিশেষ করে অভিনয়ে চরিত্রের মধ্যে তিনি এমনভাবে প্রবেশ করেন যাতে ঐ চরিত্রটি পূর্ণাঙ্গতা পায় অভিনয় গুণে। চরিত্রের বৈচিত্র্যতাই নাটকের মূল আকর্ষণ বলে মনে করেন এ অভিনেতা, তাই চেষ্টাও সেরকম থাকে সব সময় তার। 
 
মোশাররফের নাট্য-চরিত্রে ভিন্নতার পরিচয় বরাবরই অসাধারণ, সেটা ছাইয়া ছাইয়া, যমজ পর্ব থেকে শুরু করে অ্যাভারেজ আসলাম যাই বলেন, সবখানেই তিনি পাকা অভিনেতা। এই মানুষটিকে এবার দেখা যাবে পুরোপুরি রাজার বেশে।
 
সম্রাটের মতো হাতে তরবারি, গোঁফ সম্বলিত মুখে গায়ে জড়ানো জমকালো ভারি পোশাক, মাথায় স্বর্ণ-মুকুট। রাজার পিছে পিছে গার্ড সামন্ত- গার্ডের হাতে আবার মোবাইল ফোন, ছবি তুলতে ব্যস্ত তারা। এমন আবহে আসছেন মোশাররফ করিম। এভাবেই দেখা যাবে তাকে আসছে ঈদের নাটকে।
IMG0
তবে কোন নাটকে আসছেন এই চেহারায় সেটা চমক হিসেবে থাকছে। বৈশাখী টেলিভিশনের এবারের ঈদ অনুষ্ঠানমালায় মোশাররফ করিম অভিনীত ভিন্ন স্বাদের ৫টি নাটক আসছে। পরপর ৫দিন বিশেষ এই নাটকগুলো প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায়। ঈদের দিন থেকে ঈদের ৫ম দিন প্রতিদিন রাত ৮টা ৪৫ মিনিটে।
 
নাটকগুলো হচ্ছে কচি খন্দকারের রচনা ও পরিচালনায় ‘মানুষ অমানুষ’। দয়াল শাহ-এর রচনা ও শামস করিমের পরিচালনায় ‘বুলির বেলকনি’। মাসুম শাহরিয়ারের রচনা ও মুরসালিন শুভ’র পরিচালনায় নাটক ‘অভিনন্দন’। হাসান মোরশেদের পরিচালনায় নাটক ‘প্রযত্নে চোর’। মুসাফির সৈয়দের রচনা ও পরিচালনায় নাটক ‘শেখ সাদী'র সেইসব দিনরাত্রি। এই পাঁচটি নাটকের কোন একটিতে এমন রাজার বেশে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।
 
ইত্তেফাক/আনিসুর