মোরায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেওয়া হবে : ত্রাণমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০১৭, ১৯:০৭
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, ঘূর্ণিঝড় মোরায় প্রকৃত ক্ষতিগ্রস্ত সকলের ঘর নির্মাণ করে দেয়া হবে। 
 
রবিবার কক্সবাজারের রামু উপজেলার ঝাউয়ারখোপ ইউনিয়ন পরিষদে এবং গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ইতিমধ্যে এ এলাকায় ৩০০ বান ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। তালিকা অনুযায়ী সকলের ঘর তৈরি করে দেয়া হবে। 
 
তিনি বলেন, সরকারের ত্রাণ ভাণ্ডারে ত্রাণের অভাব নেই। প্রত্যেককেই খাদ্য সহায়তা দেয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষক খামারিদের ঘুরে দাড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।  এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ হচ্ছে। এরপরও ত্রাণ নিয়ে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
এ সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সায়মুম সরোয়ার কমল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ্ কামালসহ, স্থানীয় নেতা এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/ইউবি