‘ভালো গল্পে কাজ করার চেষ্টা করি’: মম

আপডেট : ০৫ জুন ২০১৭, ১১:৫৫
 
চ্যানেলগুলোতে ঈদ নাটক জমা দেওয়ার সময় ঘনিয়ে আসছে। তাই শেষ মুহূর্তে নাটক সংশ্লিষ্ট সবার ব্যস্ততা চলছে পুরোদমে। সেই ব্যস্ততায় রয়েছেন জাকিয়া বারি মম। এই ঈদে একাধিক নাটকে দেখা যাবে তাকে। যদিও দুই পর্দাতেই অভিনয় করেন মম। তবে এই মুহূর্তে ছোটপর্দায় ব্যস্ত তিনি।
 
প্রতি ঈদেই নির্মিত হচ্ছে রেকর্ডসংখ্যক নাটক। গল্পের মান নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই এ বিষয়ে ছাড় দিয়েই অভিনয় করছেন নাটকগুলোতে। মম এ প্রসঙ্গে বলেন, ‘গল্পের মানে ছাড় দিলে দর্শকদের সাথে প্রতারণা করা হয়। কারণ দর্শকরা একটা প্রত্যাশা থেকেই আমার নাটক দেখেন। খুব স্বাভাবিকভাবেই প্রত্যেক শিল্পীরই নির্দিষ্ট দর্শক থাকে। তাদের জন্য হলেও ভালো গল্পে কাজ করার চেষ্টা করি।’
 
এবার ঈদে ‘প্রতিশোধ’, ‘শেষটা একটু অন্যরকম’, ‘হাতে রেখে হাত’সহ বেশকিছু নাটকের কাজ এরমধ্যে শেষ করেছেন মম। এছাড়াও আরও কয়েকটি নাটকের শুটিং নিয়ে চলছে ব্যস্ততা। ঈদের নাটকগুলো দর্শকদের আগ্রহ নিয়ে সমালোচনায় পড়ে প্রতিবার। যার অন্যতম কারণ বিজ্ঞাপন বিরতি। 
 
যদিও ইউটিউবে নাটকের দর্শক বাড়ছে দিনদিন। যা ইতিবাচক প্রভাবই ফেলছে। মম এ প্রসঙ্গে বলেন, ‘নাটক নির্মিত হয় দর্শকদের জন্য। এখন তার টেলিভিশনে না দেখে যদি ইউটিউবে দেখেন তাতে তো খারাপ কিছু নয়। আমরা সবাই এখন খুব ব্যস্ত। নিজেদের সময় অনুযায়ী আমরা নাটক দেখি।’
 
ইত্তেফাক/আনিসুর