‘হিরোইন বলতে যে ইমেজ ভাসে, একেবারেই নেই আনুশকার’

আপডেট : ০৫ জুন ২০১৭, ১২:৪৭
 
মুম্বাইয়ে তার আগামী ছবি যে আনুশকা শর্মার প্রযোজনায় সেটা চাপা নেই। আনুশকার বিপরীতে দেখা যাবে পরমব্রতকে। যদিও এ ব্যাপারে কিছু জানাতে নারাজ এ নায়ক। পরিচালক প্রসিতের ‘পরি’র জন্য ক্লিন শেভ্‌ড লুকে রয়েছেন। বয়সটা পঁচিশের কোঠায় দেখতে লাগছে।
 
পরমব্রত বলিউডে প্রথম পরিচিতি পেয়েছিলেন ‘কাহানি’ দিয়ে। তারপর আরো দুটি ছবি করলেও বড় প্রজেক্ট সেভাবে হাতে আসেনি। নিজেও স্বীকার করলেন, ‘এটা আমার কাছে সত্যিই বড় প্রজেক্ট। অনেক প্রস্তাবই আসতে থাকে, কিন্তু সব তো করার মতো হয় না।’
 
আনুশকা শর্মার সঙ্গে সাক্ষাতের গল্পটা বলুন একটু। হেসে ফেললেন। ‘খুবই ভাল অভিজ্ঞতা। কাজ নিয়ে ভীষণ পেশাদার। কী করছে, কী ভাবে করছে সবটা পরিষ্কার ওর কাছে। একদম চিল্‌ড আউট। মজা করছে, হাসছে। বলিউডের হিরোইন বলতে আমাদের কাছে যে ইমেজটা ভেসে আসে, সেটা একেবারেই নেই আনুশকার।’
 
কলকাতাতেও কম কাজ নেই পরমব্রতের। ‘সমান্তরাল’, ‘যখের ধন’, ‘হোমল্যান্ড’, ‘সেনাপতি’, ঋক বসুর আগামী ছবিতেও তিনি... অক্টোবরে নিজের পরিচালনায় ছবি। জানুয়ারি পর্যন্ত প্যাক্‌ড শিডিউল। এদিকে ঈদের পর বাংলাদেশে মুক্তি পাচ্চে অনিমেষের ‘ভয়ংকর সুন্দর’, যেখানেও অভিনয় করেছেন পরমব্রত।
 
​ইত্তেফাক/আনিসুর