‘২০৪১ সালের বাংলাদেশ নির্মিত হবে আজকের শিক্ষার্থীর হাতেই’

আপডেট : ০৫ জুন ২০১৭, ১৩:৪০
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ‘এখন যারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আগামী ২০৪১ সালের বাংলাদেশ নির্মিত হবে তাদের হাত ধরেই। তারাই থাকবে বাংলাদেশ নির্মাণের মূল কারিগর। তাই শিক্ষা জীবনের প্রতি কোনো ধরনের হেলা না করে নিজেদের সেভাবেই প্রস্তুত করে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।’
 
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের মিলনায়তনে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির আয়োজিত ‘আলোচন সভা ও ইফতার মাহফিলে’ প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, ‘একজন শিক্ষার্থীর জীবনকে শস্য খেতের সঙ্গে তুলনা করা যেতে পারে। এ সময়টায় যে যতবেশি খেতের প্রতি যত্নবান হবে সে ততোবেশি ভালো ফসল পাবে। তবে কেউ যদি উদাসীন থাকে সেটার ফলও পাবে। তখন আর কিছুই করার থাকবে না।’
 
জাকির হোসাইন বলেন, ‘শিক্ষার্থীকে সঠিক জ্ঞান লাভের মধ্যে দিয়েই নিজের মেধার চর্চা করতে হবে। নিজেকে বিকশিত করতে হবে। কেউ যদি নিজের মেধার অর্ধেকটুকওু ঢেলে দিতে পারে আমার বিশ্বাস সে বিশ্বব্যপী প্রভাব বিস্তার করতে পারবে। মেধা দিয়েই সে বিশ্ব জয় করতে পারবে।’ 
 
এ সময় তিনি শিক্ষার্থীদের প্রকৃত দেশপ্রেমিক হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চর্চার আহ্বানও জানান।   
 
ইউসুফ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৪ এমপি আব্দুস শহিদ, হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খাঁন প্রমুখ। 
 
ইত্তেফাক/এমআই