ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ "ছাত্রলীগ সভাপতি" গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০১৭, ২৩:০২

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন (২৪) কে ২০ পিচ ইয়াবা এবং ১শ' ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে পুলিশ। তুহিন জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ছেলে।

সোমবার রাতে জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার মধ্যগারপূগী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরীর ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সিন্ডিকেটের সঙ্গে জড়িত। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউলের নেতৃত্বে পুলিশ শিবগঞ্জ বাজার মধ্যপারপূগী এলাকায় অভিযান চালিয়ে তুহিনকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়।

এ সময় পুলিশ তুহিনের শরীর তল্লাসি করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় তুহিন। পরে পুলিশ তুহিনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ও ১শ ৫০ গ্রাম গাজা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, জামালপুর ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নেই। কেউ যদি নিজেকে সভাপতি পরিচয় দিয়ে ছাত্রলীগের নাম খারাপ করতে চায় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা উচিত।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: সিফাত আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক তুহিন ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। তাই পুলিশ বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

নূহু/ইত্তেফাক