সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান আর নেই

আপডেট : ০৬ জুন ২০১৭, ১২:১৮
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। আজ মঙ্গলবার সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 
 
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ ইত্তেফাককে এ তথ্য জানান। এদিকে লতিফুর রহমানের প্র্রতি শ্রদ্ধা জানিয়ে বিরতির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত দেন সুরেন্দ্র কুমার সিনহা। এছাড়া আজ বাদ জোহর সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
 
সাবেক প্রধান বিচারপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ লতিফুর রহমান ১৯৩৬ সালে ১ মার্চ যশোর শহরে জন্মগ্রহণ করেন। পেশাজীবনের শুরুতে লতিফুর রহমান কায়েদে আজম কলেজ (বর্তমান শহিদ সোহরাওয়ার্দি কলেজ)ও জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রভাষক হিসেবে কাজ করেন। ১৯৬০ সাল থেকে তিনি ঢাকা হাইকোর্টে আইন পেশা শুরু করেন। তিনি শুরুতেই এমএইচ খন্দকারের নিকট শিক্ষানবিশ ছিলেন। খন্দকার বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল ছিলেন। 
 
১৯৭৯ সালে লতিফুর রহমান সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৮১ সালে তার বিচারকের চাকরি স্থায়ী হয়। ১৫ জানুয়ারি ১৯৯১ তিনি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন। ২০০১ সালের ১ জানুয়ারি তিনি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২৮ ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতি থাকাকালীন অবসর গ্রহণ করেন। অবসর প্রাপ্ত বিচাপতি হিসেবে তিনি ২০০১ সালের ১৫ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।
 
ইত্তেফাক/কেকে/এমআই