৬ দশমিক ৮ শতাংশ হবে জিডিপির প্রবৃদ্ধি : বিশ্বব্যাংক

আপডেট : ০৬ জুন ২০১৭, ১১:০৪
বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়ে বিশ্বব্যাংক বলেছে, চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। সোমবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকনোমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেছেন। এর আগে গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৭ দশমিক ১ শতাংশ হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। যদিও বছর শেষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে তা দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশে। তবে চলতি বছরের প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে থাকবে বলে গত জানুয়ারি মাসেও পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। অন্যদিকে, পরিসংখ্যান ব্যুরোর হিসাবে চলতি বছর প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২৪ শতাংশ। 
 
বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশের প্রবৃদ্ধির এই হার ভালো। যদিও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল। সেবা খাত চাঙা থাকাই মূলত ভালো করার কারণ। দেশটির অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে বলেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
 
ওয়াশিংটনে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, আগামী অর্থবছরগুলোতেও প্রবৃদ্ধি ভালো অবস্থানে থাকবে। তবে বিশ্বব্যাংক তা ৭ শতাংশের নিচে থাকবে বলেই প্রক্ষেপণ করেছে। পাশাপাশি কিছু ঝুঁকির বিষয় তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, সামনের সাধারণ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অনিশ্চয়তার ঝুঁকি রয়ে গেছে। রফতানিতে শ্লথ গতি, রেমিট্যান্স প্রবাহে মন্দা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অভিভাসনে কড়াকড়ি আরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মন্দাবস্থাও বাংলাদেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করতে পারে।
 
ইত্তেফাক/এমআই