হত্যা চেষ্টা মামলায় আগাম জামিন নিতে আসা আবদুল কুদ্দুস কসাইকে পুলিশের হাতে তুলে দিয়েছে হাইকোর্ট। আগাম জামিন না দিয়ে বিচারপতি মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেয়। আদেশের পর আসামি আদালত কক্ষ থেকে বের হলে পুলিশ তাকে আটক করে।
চলতি বছর ১২ এপ্রিল এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে চোখ তুলে ফেলার অভিযোগে চট্টগ্রাম বায়োজিত বোস্তামির থানায় কুদ্দুস কসাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়। এ মামলায় আগাম জামিন নিতে আসেন তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে পুলিশে সোপর্দ করে।
আসামি পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর শুনানি করেন।
ইত্তেফাক/কেকে
