দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হাবিবুল হক মিন্টু জামিন পাওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন মামলার বাদী ও নিহত সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। মঙ্গলবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নুরুন্নাহার খাতুন এই শঙ্কার কথা জানান।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অভিযুক্ত মিন্টুকে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী উল্লেখ করে সাংবাদিক শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন বলেন, 'তার জামিন পাওয়ার ঘটনা আমাকে আতঙ্কিত করে তুলেছে। কারণ শাহজাদপুরের মিরু পরিবার সিরাজগঞ্জ থেকে পাবনা হয়ে বগুড়া পর্যন্ত নানাভাবে সংযুক্ত। যেহেতু আমি চাকরির কারণে আমার দুই ছেলে-মেয়েকে নিয়ে বগুড়া শহরে অবস্থান করছি, সে কারণে মিন্টু জামিনে ছাড়া পাওয়ার পর থেকে আমি নিজে তো বটেই তার চেয়েও বেশি আমার বাচ্চাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং রীতিমত অসহায় বোধ করছি।'
শিমুল হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে নুরুন্নাহার খাতুন বলেন, 'চলতি বছরের ২ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে উদ্ধার করার ঘটনায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে মেয়র হালিমুল হক মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকার দলীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মেয়র মিরু ও তার ভাই মিন্টুসহ অজ্ঞাত ৪০/৪২জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করি। অপরদিকে ছাত্রলীগ নেতা বিজয়ের চাচা এরশাদ আলী মেয়রের ভাই মিন্টু ও পিন্টুসহ ২০/২৫জনের নামে আরেকটি মামলা করেন। শিমুল হত্যাকাণ্ডের ৩৫দিন পর মিন্টুর অবৈধ পাইপগান উদ্ধার হলে পুলিশ নিজেই বাদী হয়ে মিন্টুকে একক আসামী করে অস্ত্র আইনে তৃতীয় মামলাটি দায়ের করেন।'
সংবাদ সম্মেলনে নুরুন্নাহার তার স্বামী সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার ন্যায় বিচারের স্বার্থে আসামি হাবিবুল হক মিন্টুর জামিন বাতিল এবং মামলাটিকে দ্রুত বিচার আদালতে স্থানান্তরেরও দাবি জানান। লিখিত বক্তব্যে নুরুন্নাহার খাতুন তার স্বামী আবদুল হাকিম শিমুলকে সৎ এবং সাহসী সাংবাদিক উল্লেখ করে বলেন, 'শিমুলের নিজের জায়গা-জমি বলে কিছুই ছিল না। নানীর দেওয়া এক খণ্ড জমিতে ছোট্ট একটি ঘরে আমাদের সংসার ছিল। ছোট্ট দুটি ছেলে-মেয়ে নিয়ে সুখের সেই সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসার কোন কমতি ছিল না। আমার স্বামী শিমুল নিজের হাতে যেমন জমি চাষ করেছেন তেমনি সাহসিকতার সঙ্গে লিখেছেন অনিয়ম দুর্নীতির খবরও। এই কারণে শাহজাদপুরের মেয়র হালিমুল হক মিরু আমার স্বামীকে তাদের শত্রু বলে মনে করতেন।'
ইত্তেফাক/জামান
