‘ঈদে বাড়তি ভাড়া নেওয়া যাবে না’

আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:২৪
নৌ মন্ত্রী শাজাহান খান বলেছেন, আসন্ন ঈদে লঞ্চ মালিক ও সংশ্লিষ্টরা ঘরমুখো মানুষের কাছে বাড়তি কোন ভাড়া আদায় করতে পারবে না। আজ বুধবার সকালে জেলার ইলিশা ও ভেদুরিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না উঠার আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, ঘাটগুলোতে মেজিস্ট্রেট থাকবে। বাড়তি ভাড়া নেওয়া হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, যাতে করে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোন জাহাজে যাত্রী না তোলা হয় সেই ব্যাপারে তদারকি করা হবে।
 
মন্ত্রী আরও বলেন, ঈদে আমাদের নৌ-যানগুলো স্থানীয়ভাবে ডাবল ট্রিপ দিবে। আমাদের নৌ-যানগুলো বর্তমানে অনেক আধুনিক। জাহাজের মধ্যে লিফট রয়েছে। আইসিউ রয়েছে, রয়েছে ওয়াইফাই। এছাড়া নৌযানগুলোতে সব ধরনের ডিজিটাল ব্যবস্থাপনা রয়েছে।
 
তিনি বলেন, পূর্বের তুলনায় আমরা জাহাজ বৃদ্ধি করছি। ফেরিও বাড়ানো হচ্ছে। আগামী বছর আরও ৪টি অত্যাধুনিক জাহাজ চালু হবে বরিশাল-চট্রগ্রাম নৌ রুটে। বাসস।
 
ইত্তেফাক/এমআই