‘সরকার মাধ্যমিক পর্যায়ে থেকে সাংস্কৃতিক চর্চা শুরু করছে’

আপডেট : ০৭ জুন ২০১৭, ২০:৩০
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, তরুণ প্রজন্মকে শিল্প ও সংস্কৃতিমনস্ক হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনার সরকার দেশের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’শুরুর উদ্যোগ নিয়েছে।
 
বুধবার দুপুরে দেশের ১৮টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে সাংস্কৃতিক চর্চার এ কার্যক্রমের উদ্বোধন এবং ওইসব জেলার শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এ সভার আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়।
 
এতে সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
দেশজ সংস্কৃতি, কৃষ্টি, সমকালীন শিল্প ও সাহিত্য সংরক্ষণ এবং সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তোলার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় এ কার্যক্রম শুরু করেছে উল্লেখ করে মন্ত্রী নূর বলেন, এর মাধ্যমে সরকার টেলেন্ট হান্ট বা শিল্পী তৈরি করার কোন প্রকল্প হাতে নেয়নি। তবে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা যেন গান, কবিতা বা শিল্পকলা হৃদয়ে ধারণ করে ভবিষ্যতে পথ চলতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এ উদ্যোগ হাতে নেয়া হয়েছে।
 
তিনি বলেন, যে ব্যক্তি গান, কবিতা হৃদয়ে ধারণ করে সে কখনও কোন অন্যায় কাজ করতে বা মানুষ হত্যা করতে পারে না।
 
সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলায় ধর্মযাজক ও পুরোহিতসহ বিদেশি নিহত হওয়ার ঘটনা স্মরণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, অপ্রত্যাশিত, অনাকাঙ্খিত ও বেদনাদায়ক ওই ঘটনাগুলো তরুণ প্রজন্মের হাতে ঘটায় সরকার উদ্বিগ্ন হয়ে ওঠে। তার প্রেক্ষিতে দেশের সংস্কৃতির পুরোধাদের পরামর্শ নিয়ে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এ উদ্যোগ চালু করা হয়েছে। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি