জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় গুলশানের ফিরোজা বাসভবন থেকে আদালতের উদ্দেশ্য রওনা দেন তিনি। বেলা ১১টার দিকে তিনি আদালতে পৌঁছেন। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
পুরান ঢাকার বকশীবাজারস্থ কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আকতারুজ্জামানের আদালতে মামলা দুটির বিচারকাজ চলছে।
এর আগে গত ১ জুন অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি আর চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার আইনজীবীদের সময়ের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ৮ জুন দিন ধার্য করে আদালত।
ইত্তেফাক/কেকে
