‘জাদুকর’ ইরফানের রাজকুমারী সামিয়া

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৩:৩৪
 
টগবগিয়ে আসা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন অচিন দেশের এক রাজকুমারী। পথে এক জাদুকরের সঙ্গে তার দেখা। ঘোড়া থেকে নামলেন তিনি। এক পর্যায়ে জাদুকরের সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে। মানুষের মাঝে শান্তি আর আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য দুজনে পথে প্রান্তরে ঘুরে বেড়ান। রাজকুমারী যখনই ক্লান্ত হয় জাদুকর তার জাদুর কাঠির স্পর্শে তখনই তার ক্লান্তি দূর করে দেয়।
 
এক সময় রাজকুমারী পৃথিবী থেকে যা কিছু অশুভ, তার সবকিছুই নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জাদুকরের কাছে আবদার করে। তখনই বাঁধা হয়ে দাঁড়ায় অশুভ অন্য এক ভয়ঙ্কর জাদুকর। জাদুর এই ঘটনা দেখতে হলে ঈদের আগের দিন চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।
 
নাট্যকার-পরিচালক রেজানুর রহমান এবারের ঈদে চ্যানেল আইয়ের জন্য নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘জাদুকর’। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে জাদুকরের ভূমিকায় জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও রাজকুমারীর ভূমিকায় জনপ্রিয় অভিনেত্রী সামিয়া সাঈদ অভিনয় করেছেন।
IMG0
আরও অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা-নির্মাতা গাজী রাকায়েত, হাফিজুর রহমান সুরুজ, মাহবুবা রেজানুর, সুকর্ণ আহমেদ, মনি কাঞ্চনসহ বিভিন্ন নাট্য সংগঠনের একদল নিবেদিতপ্রাণ নাট্যকর্মী। ক্যামেরায় ছিলেন ইকবাল ইব্রাহিম পলাশ।
 
ঈদের বিশেষ অনুষ্ঠানমালার আওতায় ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।
 
ইত্তেফাক/আনিসুর