ভেঙেই গেল হিমেশের ২২ বছরের সংসার, আদালতের অনুমতি

আপডেট : ০৮ জুন ২০১৭, ১৪:৪৩
 
২২ বছর ধরে যে গানটা বেঁধেছিলেন হঠাৎই সুর কেটে গেল তার। জনপ্রিয় সুরকার, গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে স্ত্রী কোমলের বিচ্ছেদটা শেষপর্যন্ত হয়েই গেল। গত ডিসেম্বরেই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন হিমেশ ও কোমল।
 
গেল বুধবার মুম্বাই হাইকোর্ট তাদের বিবাহ বিচ্ছেদের আবেদনে অনুমতি দেয়। হিমেশ-কোমলের পুত্র সায়ম অবশ্য দু’জনের কাছেই থাকবেন।
 
হিমেশের ঘনিষ্ঠ মহল বলছে, টেলিভিশন উপস্থাপিকা সনিয়া কাপূরের সঙ্গে হিমেশের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কই এই বিচ্ছেদের প্রধান কারণ। যদিও হিমেশের স্ত্রী কোমল জানিয়েছেন, এই বিচ্ছেদ তাদের পারস্পরিক বোঝাপড়ায় হয়েছে। এখনও দুই পরিবারের সম্পর্ক খুব ভাল।
 
আদালত থেকে বের হয়ে কোমল বলেন, ‘আমাদের যাতায়াতও বজায় থাকবে। সনিয়া আমাদের পারিবারিক বন্ধু। ওর জন্য বিচ্ছেদ হয়নি।’
 
হিমেশ বলেন, ‘অনেক সময় সম্পর্কের মধ্যে একে অপরের মতামতকে সম্মান করাটা খুব দরকার। আমরা দু’জনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছি। কোমল চিরকালই আমার পরিবারের একজন হয়েই থাকবে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
ইত্তেফাক/আনিসুর