মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার দায়ে মুর্শেদ সরদার (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাকে ওই কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মুর্শেদ সরদার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামের ছলিম সরদারের ছেলে। মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ পাটুরিয়া ফেরিঘাট এলাকা মুর্শেদকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক মুর্শেদকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল মোহাম্মদ রাশেদ।
ইত্তেফাক/জামান
