জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, 'টেকনোলজি যখন আমরা গ্রহণ করি তখন সঠিক টেকনোলজি গ্রহণ করতে হবে। মানুষ হত্যায় টেকনোলজি নয়। টেকনোলজি থাকবে মানুষের কল্যাণে, অকল্যাণে নয়। আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য টেকনোলজির বিকল্প নেই।'
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে দুইদিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা প্রশাসক মো: খলিলুর রহমান, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
মেলায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক/শিক্ষার্থী, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
